দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপ ফুটবল মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ল বাস্তবেও। টিভিতে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ উপভোগ শেষে বাড়ি ফেরার পথে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক কয়েকজন উঠতি বয়সী তরুণের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. জিসান নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে তিনি নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান।
এর আগে মঙ্গলবার রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠী ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত জিসানের অভিযোগ, শান্তিরহাট বাজারে সুমনের সেলুনের সামনে বসে কয়েকজন বন্ধু মিলে আর্জেন্টিনা ও মিশরের খেলা দেখছিলেন। খেলার শুরুতে মিশর দুই গোল করলে পাশে থাকা কয়েকজন ব্রাজিল সমর্থক তাদের উদ্দেশে বিদ্রুপ করতে থাকেন। পরে আর্জেন্টিনা সমতায় ফিরলে তারাও পাল্টা হাস্যরস করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
জিসান আরও জানান, একপর্যায়ে তার পাশে থাকা আর্জেন্টিনা সমর্থক মো. সাকিব নামে এক কিশোরকে ডেকে নিয়ে ধাক্কাধাক্কি শুরু করে ব্রাজিল সমর্থক কিছু ছেলেরা। এসময় জিসান এগিয়ে এসে তাকে সরিয়ে আনেন। খেলা শেষে বাড়ি ফেরার পথে ব্রাজিল সমর্থক রাজিব, রাব্বি, শাওনসহ কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে তাকে পাশের খালে ফেলে দেওয়া হয়।
জিসানের মা সালমা বেগম বলেন, ‘আমার ছেলে খেলা দেখে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন বখাটে ছেলে লাঠিসোঁটা নিয়ে আমার ছেলের ওপর হামলা চালিয়ে খালে ফেলে দেয়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘খেলা চলাকালে মিশরের গোলের পর কয়েকজন ব্রাজিল সমর্থক উল্লাস করতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি শান্ত হলেও খেলা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।’
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
/অ